রাজনীতিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর শোকবার্তা
নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও মহাদেবপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালিন সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মান্নান গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। আব্দুল মান্নান এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম আব্দুল মান্নান নওগাঁ জেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠার প্রাক্কালে মহাদেবপুরে বিএনপিকে শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করাতে তার ভুমিকা অপরিসীম।
এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা নওগাঁ জেলা বিএনপি’র নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণা হয়ে থাকবে। জীবনের শেষভাগে শারিরীক অসুস্থতা সত্বেও তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং দলকে জিতাতে নিরলসভাবে কাজ করে গেছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।
মহান আল্লাহু রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আব্দুল মান্নানকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
-শিশির


